কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর নিখোঁজ হয়েছিল সে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি টিলা থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। সে কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
সদর দক্ষিণ মডেল থানা পুলিশ জানায়, নিখোঁজের পর অপ্রতীমের মুঠোফোনের সর্বশেষ অবস্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সামাজিক বনায়ন এলাকায় শনাক্ত হয়। সেই অবস্থানের ভিত্তিতে শনিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই এলাকায় তল্লাশি শুরু করেন। একপর্যায়ে ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি টিলায় তার মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতীম। এরপর আর বাড়ি ফেরেনি সে। পরে তার বাবা কেএম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ছেলেকে খুঁজে পেতে সহযোগিতা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিলেন ড. নাহিদা বেগম। সেখানে তিনি জানান, বিকেল ৩টা থেকে অপ্রতীমকে পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের সময় তার পরনে পাঞ্জাবি ছিল। তিনি আরও জানান, মুঠোফোনের নম্বর ট্র্যাক করে তার অবস্থান পাওয়া যায়নি এবং ফোনটি সম্ভবত তার সঙ্গে ছিল না।
এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত ড. নাহিদা বেগম ও তার স্বজনরা।