ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বেরিয়ে রাজবাড়ীর দৌলতদিয়ায় গিয়ে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিল পাঁচ শিশু। পরে টহল পুলিশের নজরে পড়লে তাদের উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। পরিবারের সঙ্গে যোগাযোগের পর স্বজনদের কাছে শিশুদের তুলে দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ১০ থেকে ১৩ বছর বয়সী শিশুদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিশুরা হলো—মো. হিরোন (১১), জিসান (১৩), আবুজার (১৩), মো. আব্দুল্লাহ (১৩) ও খালিদ বিশ্বাস (১০)। তাদের সবার বাড়ি মাগুরা সদর থানার কাদিরাবাদ এলাকায়।
পুলিশ জানায়, পাঁচ শিশুই পরস্পরের বন্ধু। কৌতূহল ও দুরন্তপনার বশে তারা সকালে একসঙ্গে বাড়ি থেকে বের হয়। মাগুরা সদর থানা এলাকা থেকে একটি ইজিবাইক ভাড়া করে তারা দৌলতদিয়ায় পৌঁছায়।
দৌলতিয়া বাসস্ট্যান্ড এলাকায় তাদের উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে টহল পুলিশ বিষয়টি জানতে এগিয়ে যায়। শিশুদের সঙ্গে কথা বলার একপর্যায়ে তারা কৌতূহলবশত একসঙ্গে বাড়ি থেকে বের হয়ে আসার কথা জানায়।
পরে শিশুদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে। সন্তানদের খুঁজে না পেয়ে তখন উদ্বিগ্ন ছিলেন অভিভাবকেরা। পুলিশ তাদের সন্তানদের দৌলতদিয়ায় পাওয়ার খবর দিলে স্বজনরা থানায় আসেন।
পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পাঁচ শিশুকে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে পাঁচ শিশুকে উদ্ধার করা হয়েছে। তারা কৌতূহলবশত মাগুরা থেকে একসঙ্গে বের হয়ে দৌলতদিয়ায় চলে এসেছিল। পরে অভিভাবকদের খবর দিয়ে শিশুদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।