1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
বাধ্য হয়েই জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে হৃদরোগে পর্যটকের মৃত্যু তরুণ সমাজ চাইলে দেশ পুনর্গঠনে কেউ বাধা দিতে পারবে না: প্রধানমন্ত্রী ইসরায়েলি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছিলেন যে বাঙালি পাইলট লং মার্চে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান হবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়েও দেশকে অস্থির করার চেষ্টা করছেন: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে পাস ‘জরুরি ভিত্তিতে টাকা পাঠান’—এমপিদের নম্বর হ্যাক করে প্রতারণা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায় ‘অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন’: সুপ্রিম কোর্ট বার সভাপতি

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে হৃদরোগে পর্যটকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন আশিষ কুমার রায় (৫১) নামে এক পর্যটক। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশিষ কুমার রায় মাগুরা সদর উপজেলার ছোট দোয়ারপাড়া শাহাপাড়া এলাকার প্রফুল্ল রায়ের ছেলে। তিনি পেশায় একজন আর্টিস্ট ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার সকালে ছয় বন্ধু ‘হৈমন্তী’ নামের একটি হাউসবোটে করে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে বের হন। দিনভর হাওরে ঘোরাঘুরি ও গোসল শেষে বিকেলে তারা ট্যাকেরঘাট নৌকা ঘাটে পৌঁছান।

পরে সেখান থেকে সবাই শহীদ সিরাজ লেক এলাকায় ঘুরতে যান। মাগরিবের নামাজের আগে লেক এলাকা থেকে ট্যাকেরঘাটের দিকে ফেরার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান আশিষ।

ঘটনার পর স্থানীয় কয়েকজন আশিষের মোবাইল ফোনের মাধ্যমে তাঁর সঙ্গে থাকা বন্ধুদের বিষয়টি জানান। বন্ধুরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাকে একজন পল্লিচিকিৎসকের কাছে নিয়ে যান।

অবস্থার অবনতি হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন ওই চিকিৎসক। পরে স্পিডবোটে করে আশিষকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‘হৈমন্তী’ হাউসবোটের ম্যানেজার রাশেদুল ইসলাম জানান, সকালে বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর বাজার নৌকা ঘাট থেকে ছয়জন পর্যটক হাউসবোটে উঠেছিলেন। সারাদিন টাঙ্গুয়ার হাওর ঘোরার পর বিকেলে তারা ট্যাকেরঘাটে যান। শহীদ সিরাজ লেক এলাকা ঘুরে ফেরার পথেই আশিষ অসুস্থ হয়ে পড়েন।

নিহতের বন্ধু রাজ শেখর বণিক জানান, বিকেলে তারা সবাই শহীদ সিরাজ লেক এলাকার ছোট ছোট টিলায় উঠে ঘোরাঘুরি করেন। পরে আশিষকে দেখতে না পেয়ে তাকে ফোন দেওয়া হয়। তিনি ফোন না ধরলেও পরে আশিষের ফোন থেকেই তাদের কাছে কল আসে।

সেই কলের মাধ্যমে তারা জানতে পারেন, আশিষ অসুস্থ হয়ে পড়ে আছেন। এরপর দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএফপিও ডা. নওশাদ আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই ওই পর্যটকের মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে।

এদিকে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানিয়েছেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি