সিলেট নগরীতে চুরির অভিযোগে আটক এক কিশোরীর কোমরে শিকল বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
ভিডিওতে দেখা যায়, কোমরে শিকল পরানো অবস্থায় কিশোরীকে এক যুবক টেনে নিয়ে যাচ্ছেন। এ সময় তাকে অঝোরে কাঁদতে দেখা যায়।
স্থানীয় সূত্র জানায়, গত সোমবার রাত ৭টার দিকে নগরীর উপশহর ডি-ব্লক মসজিদ মার্কেট এলাকার একটি দোকানের ক্যাশবাক্স চুরির চেষ্টার অভিযোগে স্থানীয়রা ওই কিশোরীকে আটক করেন।
অভিযোগের পর তাকে মারধর করা হয়। পরে কোমরে শিকল বেঁধে মধ্যরাতে সড়কে হাঁটানো হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সিলেট শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে কিশোরীকে উদ্ধার করে থানায় নেওয়া হয়।
চুরির অভিযোগের বিষয়টি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে কিশোরীর ওপর শিকল পরিয়ে নির্যাতন এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কিশোরীকে শিকল পরিয়ে নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চুরির অভিযোগের বিচারিক প্রক্রিয়ার পাশাপাশি কিশোরীর ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়ায় ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে।