আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান হওয়ার আশা নিয়ে দিনভর শোডাউনে অংশ নিয়েছিলেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির নেতা সাইফুল ইসলাম খোকন। ‘বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ ঘোষণা দিয়ে নির্বাচনী মাঠে নিজের দৃঢ় অবস্থানের কথা জানান দিয়েছিলেন তিনি।
কিন্তু আকস্মিক অসুস্থতায় মধ্যরাতেই চিরদিনের জন্য বিদায় নেন খোকন।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। খোকনের মেঝ ছেলে সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত সাইফুল ইসলাম খোকন চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহসভাপতি ছিলেন।
গত কয়েক মাস ধরে শুহিলপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন তিনি।
জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদিনের মতো গতকাল সোমবারও নিজের নির্বাচনী এলাকা উপজেলার শুহিলপুর ইউনিয়নে দিনব্যাপী ব্যাপক শোডাউন করেন সাইফুল ইসলাম খোকন। দিনভর প্রচারণা শেষে সন্ধ্যায় শালিখা বাজারে অনুষ্ঠিত পথসভায় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন তিনি। সেখানে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে জানান, বর্তমান এমপি তাকেই ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করবেন। কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরে খাবার খেয়ে ঘুমাতে যান তিনি।
এ সময় রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইলিয়টগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত আনুমানিক দেড়টার দিকে তার মৃত্যু হয়।
সাইফুল ইসলাম খোকনের আকস্মিক মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ চান্দিনার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। আত্মীয়-স্বজন, রাজনৈতিক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিরাজ করছে গভীর শোক ও বেদনা।
শুহিলপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোস্তফা আহমেদ বলেন, তার খুব ইচ্ছে ছিল, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হবেন। আমাদেরকে সাথে নিয়ে তিনি সোমবার পুরো ইউনিয়নে শোডাউনসহ গণসংযোগ করেছেন। আর রাত দেড়টায় ফোন আসে তিনি আর নেই। তার এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন হয়ে পড়েছে।
চান্দিনা উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাওলানা আবুল খায়ের জানান, সাইফুল ইসলাম খোকন উপজেলা বিএনপির এক পরীক্ষিত নেতা ছিলেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এমপি আতিকুল আলম শাওন সুহিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে খোকন ভাইকে মনোনয়ন দিতেন। এমন ভরসা থেকেই তিনি শোডাউনে গিয়ে তিনি নেতাকর্মীদের আশ্বস্ত করে গর্বের সাথে বলেছিলেন ‘আমি বেঁচে থাকতে কেউ নির্বাচন থেকে সরাতে পারবেন না’। এমন কথা বলার পরপর তার মৃত্যুতে আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছি।
কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুল আলম শাওন জানান, সাইফুল ইসলাম খোকন আমার মরহুম পিতার সময়কাল থেকে বিএনপির রাজনীতি করেছেন। তার এই মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ উপজেলা বিএনপিতে শূন্যতা সৃষ্টি হবে।