আগামী আগস্ট মাসের মধ্যেই ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (২০ জুন) দুপুরে পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সেতুমন্ত্রী বলেন, একে অপরের প্রতিপক্ষ হয়ে নয়, বরং মালিক-শ্রমিকদের সাথে নিয়ে সমন্বিত উদ্যোগে পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনা হবে। শৃঙ্খলা ছাড়া কোনো গতি নেই। এখানে কোনো বিশেষ শ্রেণিকে লালন করা হবে না, প্রাধান্য পাবে কেবলই জনস্বার্থ ও জনআকাঙ্ক্ষা। খুব দ্রুতই দেশে আন্তর্জাতিক মানের মাল্টি-মোডাল’ যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে।
রেলযোগাযোগ নিয়ে তিনি বলেন, ঢাকা-পাবনা রুটের লোকোমোটিভ ট্রেন কারখানায় প্রস্তুত রয়েছে। আগামী মাসে কোচ এলেই আগস্ট মাসেই অগ্রাধিকার ভিত্তিতে পাবনাতেই আগে ঢাকায় সরাসরি ট্রেন যোগাযোগ চালু করা হবে। এছাড়াও ঢাকার সাথে সহজ যোগাযোগে আরিচা-খাসচর সড়ক প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি ও ডিপিপি প্রণয়নের কাজও ইতিমধ্যে চালু হয়েছে।
এ সময় পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফী উল্লাহসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।