1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

বিচারব্যবস্থায় মানুষের আস্থা সুদৃঢ় করবে
হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬৩৭টি পুরনো মামলা নিষ্পত্তি করা হয়েছে।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘মামলাজট বাংলাদেশের বিচারব্যবস্থার দীর্ঘদিনের একটি বড় চ্যালেঞ্জ।

তাই পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ শুধু বিচারপ্রার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাবে না, বরং বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আরো সুদৃঢ় করবে।’

তিনি বলেন, ‘প্রধান বিচারপতির নির্দেশনায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির বিশেষ কার্যক্রমের মাধ্যমে মাত্র ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬৩৭টি পুরনো মামলা নিষ্পত্তি হওয়া নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ও আশাব্যঞ্জক অর্জন। বিশেষ করে ১ দিনে ৫ হাজার ৪০৫টি পুরনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হওয়া অত্যন্ত প্রশংসনীয়।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘মামলার জট নিরসনে এমন সময়োপযোগী ও কার্যকর উদ্যোগের জন্য প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ এবং সুপ্রিম কোর্ট প্রশাসন ধন্যবাদ ও প্রশংসার দাবিদার।’

তিনি বলেন, ‘আমরা প্রধান বিচারপতির নেতৃত্বে এ ধরনের আরো কার্যকর ও যুগোপযোগী উদ্যোগ প্রত্যাশা করি। দ্রুত মামলা নিষ্পত্তি হোক, বিচারপ্রার্থীদের অপেক্ষার অবসান হোক, মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার আরো সহজ, দ্রুত ও কার্যকর হোক।’

অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে দ্রুত মামলা নিষ্পত্তিতে সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন মো. রুহুল কুদ্দুস কাজল।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, গত ১৩ আগস্ট বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের ১৩টি ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৫ হাজার ৪০৫টি পুরনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে।

এর মাধ্যমে মাত্র ১২ কার্যদিবসে মোট ৫৫ হাজার ৭৩০টি পুরনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়েছে। সম্প্রতি পুরনো মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হওয়ার পর এ পর্যন্ত পুরনো ক্রিমিনাল মিস মামলা এবং পুরনো রিট মামলা মিলিয়ে মোট ৬২ হাজার ৬৩৭টি পুরনো মামলা নিষ্পত্তি করা হয়।

তিনি বলেন, বাংলাদেশের প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চসমূহে দীর্ঘদিনের পুরনো মামলা নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ, মামলাজট হ্রাস এবং বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত এ বিশেষ উদ্যোগের আওতায় ধারাবাহিকভাবে বিপুল সংখ্যক পুরনো মামলা নিষ্পত্তি করা হচ্ছে।

শফিকুল ইসলাম আরো জানান, গত ৭ মে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন এবং রিট মোশন বেঞ্চসমূহের বিচারপতিদের দীর্ঘদিনের পুরনো মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরনো ক্রিমিনাল মিস ও পুরনো রিট মামলা নিষ্পত্তির বিশেষ এ কার্যক্রম শুরু করা হয়।

পুরনো মামলা নিষ্পত্তির এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি