মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে করা আবেদন গ্রহণ করেননি হাইকোর্ট। আদালত স্পষ্ট করেছেন, বিআরটিএ যেসব যানবাহনকে চলাচলের অনুমোদন দিয়েছে, কেবল সেগুলোই সড়কে চলতে পারবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে স্লিপার বাস চালুর অনুমতি চেয়ে বাস মালিক সমিতির পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। শুনানিতে বিআরটিএর পক্ষে আইনজীবী মো. রাফিউল ইসলাম সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধানগুলো আদালতের সামনে তুলে ধরেন।
আইনজীবী জানান, আইনের ৪০-এ ধারায় যানবাহনের কারিগরি বৈশিষ্ট্য ও নির্ধারিত স্পেসিফিকেশন অনুসরণের বিষয়টি উল্লেখ রয়েছে। এসব কারিগরি শর্ত লঙ্ঘন করলে তা আইনের ৮৪ ধারার অধীনে অপরাধ হিসেবে গণ্য হতে পারে। এ অপরাধের সর্বোচ্চ শাস্তি তিন বছর কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা।
তিনি আরও বলেন, সড়ক পরিবহন আইনের ২৮ ধারায় রুট পারমিটের বিষয়টি স্পষ্ট করা হয়েছে। রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারে না।
আদালতের আদেশের ব্যাখ্যায় আইনজীবী মো. রাফিউল ইসলাম বলেন, বিআরটিএ যেসব বাসকে চলাচলের অনুমোদন দিয়েছে, সড়কে সেগুলোরই চলাচল বৈধ। স্লিপার বাসের ক্ষেত্রে এমন অনুমোদন নেই এবং হাইকোর্টও এ ধরনের বাস চালানোর অনুমতি দেয়নি।
সম্প্রতি একটি স্লিপার বাস পুকুরে পড়ে কয়েকজন পর্যটক আহত হওয়ার ঘটনার পর মহাসড়কে এ ধরনের বাসের চলাচল নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।