ঢাকার সচিবালয় মেট্রোরেল স্টেশনে বিদ্যুতায়িত ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের (ওসিএস) ক্যাবলের ওপর ঝুলে থাকা একটি তারকে কেন্দ্র করে প্রায় ২০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৭টা ১০ মিনিটের দিকে স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় তারটি ঝুলতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর যাত্রীদের নিরাপত্তা ও বিদ্যুৎ লাইনের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
এ সময় ঝুলে থাকা তার অপসারণে কাজ শুরু করেন সংশ্লিষ্ট কর্মীরা। প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় সকাল ৭টা ৩০ মিনিটের দিকে তারটি সরিয়ে ফেলা সম্ভব হয়।
এরপর সচিবালয় স্টেশন হয়ে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়। বর্তমানে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ঘটনাটি নিশ্চিত করেছেন এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ মহসিন।
হঠাৎ ট্রেন চলাচল বন্ধ থাকায় সকালে কর্মস্থলমুখী যাত্রীদের সাময়িক ভোগান্তিতে পড়তে হলেও দ্রুত তার অপসারণের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।