ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় দেশের প্রান্তিক হাসপাতালগুলোতেও প্রয়োজনীয় চিকিৎসক, স্যালাইন ও চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোগীদের চিকিৎসার জন্য যাতে ঢাকায় আসতে না হয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার রাজধানীর ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসের আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি জানান, ডেঙ্গু মশার বিস্তার ঠেকাতে সারা দেশে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এরপরও কেউ আক্রান্ত হলে তার চিকিৎসায় কোনো ধরনের ঘাটতি রাখা হচ্ছে না।
এদিকে সারা দেশে হামের প্রকোপ মোকাবিলায় আগামী ২৫ সেপ্টেম্বর থেকে নতুন করে টিকাদান ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন মন্ত্রী। বর্তমানে যারা হামে আক্রান্ত হচ্ছেন, তাদের অধিকাংশই টিকা নেননি বলে উল্লেখ করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ব্যাপক আলোচনা ও টিকাদান কর্মসূচির পরও যারা হাম প্রতিরোধের টিকা নেননি, তাদের কথা বিবেচনা করেই সরকার নতুন এই উদ্যোগ নিয়েছে।
তিনি আরও জানান, হামের টিকার একটি বড় চালান ইতোমধ্যে দেশে এসেছে। আগামী ১৭ সেপ্টেম্বর আরও একটি চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে।
হামে মৃত্যুর ঘটনায় বর্তমান সরকারের কোনো দায় নেই বলেও দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী।
এদিকে ডেঙ্গু ও হাম মোকাবিলায় চিকিৎসা ও টিকাদান কার্যক্রম জোরদারের কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।