জামালপুরে ১৫ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় মুছা মিয়া (২৭) নামে এক ধর্মীয় শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মুছা মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মনিরুল ইসলামের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২০ সালের ২৮ নভেম্বর সকালে দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি মন্ডলপাড়া জামে মসজিদ ও মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ওই মাদ্রাসার ইমাম মুছা মিয়া মক্তব পড়ানোর কথা বলে স্থানীয় ১৫ বছর বয়সী এক কিশোরীকে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ২০২০ সালের ৮ ডিসেম্বর দেওয়ানগঞ্জ মডেল থানায় ধর্ষণের মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রোববার দুপুরে আসামির উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট জাফরউল্লাহ।