ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক, চুরি, নারী নির্যাতন ও যানজটমুক্ত নান্দাইল গড়ে তোলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ মিজানুর রহমান লিটন, পল্লব রায়, হাসনাত মাহমুদ তালহা, নান্দাইল শহীদ স্মৃতি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইনামুল হক, নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক দেব লাল সরকার, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, আলম ফরাজিসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় নবযোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অবৈধ ওষুধের ফার্মেসির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় আগামী মাসের সভা থেকে আইনশৃঙ্খলা কমিটির সব সদস্যের উপস্থিতি নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন উপজেলা নির্বাহী অফিসার।