শেখ পরিবারকে ইঙ্গিত করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের মধ্যে ওই পরিবারের কেউ ছিলেন না। তাঁর দাবি, সে সময় পরিবারের সদস্যরা বিদেশে আরাম-আয়েশে সময় কাটিয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, ২০২৪ সালের আন্দোলনে বহু শিক্ষার্থী, রিকশাচালক ও নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। ওই পরিবারের কেউ এ ঘটনায় প্রাণ দিয়েছেন কি না, সে প্রশ্নও তোলেন তিনি। তাঁর অভিযোগ, পরিবারটি দীর্ঘদিন ধরে দেশের মানুষের ওপর শাসন, শোষণ ও নির্যাতন চালিয়েছে এবং কখনোই সংকটের সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়নি।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে ইয়াহিয়া খানের উদ্দেশে যেভাবে ‘এদের বর্জন করুন’ বলা হয়েছিল, বর্তমান সময়েও তাঁর ভাষায় সুবিধাভোগীদের বর্জনের সময় এসেছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। সঞ্চালনা করেন সদস্যসচিব মারুফ হাসান (মামুন সরকার)।