1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনামঃ

গাজীপুরে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা, স্বাভাবিক উৎপাদন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ ও সংঘর্ষের পর গাজীপুরের শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা। মালিক ও শ্রমিকপক্ষের সম্মতিতে মজুরি বৃদ্ধির সুপারিশ বাস্তবায়নের আশ্বাস পাওয়ার পর শ্রমিকরা আন্দোলন থেকে সরে আসেন। এতে কারখানাগুলোতে স্বাভাবিক হয়েছে উৎপাদন কার্যক্রম।

রোববার (৮ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের কোনাবাড়ী, শফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, বাসন সড়ক, টঙ্গী, সালনা ও বাংলাবাজারসহ শ্রীপুর উপজেলার বিভিন্ন শিল্পকারখানায় নির্ধারিত সময়ে কাজে যোগ দেন শ্রমিকরা। সকাল থেকে কোথাও শ্রমিক বিক্ষোভ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কারখানাগুলোতে স্বাভাবিকভাবে উৎপাদন চলতে দেখা গেছে।

শ্রমিকদের ভাষ্য, সরকার গঠিত মজুরি বোর্ডের বেতন বৃদ্ধির সুপারিশ এবং তা বাস্তবায়নের আশ্বাসে তাঁরা কাজে ফিরেছেন। নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। বর্ধিত বেতন জানুয়ারি থেকে পাওয়ার কথা জানিয়েছেন শ্রমিকরা।

প্যারাগন সোয়েটারের নারী শ্রমিক রিনা আক্তার বলেন, কয়েক দিনের অস্থিরতার পর তাঁরা আবার কাজে যোগ দিয়েছেন। কোনো বিশৃঙ্খলা নয়, শান্তিপূর্ণ পরিবেশে কাজ করে পরিবার নিয়ে ভালোভাবে বাঁচতে চান তাঁরা।

মস্কো গ্রুপের মেশিন অপারেটর সুমন মিয়া বলেন, কারখানাগুলো স্বাভাবিকভাবে চলুক—এটাই তাঁদের প্রত্যাশা। আন্দোলন ও সংঘর্ষে শ্রমিকদেরই বেশি ক্ষতি হয়। মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তাঁরা উপকৃত হবেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শ্রমিকরা যথারীতি কাজে যোগ দিয়েছেন। নিরাপত্তা নিশ্চিত করতে শিল্প পুলিশের সদস্যরা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছেন।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) মো. সোহেল রানা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব, বিজিবি, পুলিশ ও আনসারসহ মোট ২১ প্লাটুন সদস্য বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি শিল্প পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা মহাসড়ক ও বিভিন্ন সড়কে দায়িত্ব পালন করছেন। কারখানার উৎপাদন নির্বিঘ্ন রাখতে নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রয়েছে।

এর আগে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে অক্টোবরের শেষ দিকে গাজীপুরের বিভিন্ন শিল্পকারখানায় নতুন করে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। ৩১ অক্টোবর শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। এ সময় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রমিক ও পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয় এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি