কলেজের শিক্ষক মাত্র একজন, আর এইচএসসি পরীক্ষার্থীও ছিলেন একজন। কিন্তু সেই একমাত্র পরীক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেননি। পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুরে অবস্থিত সাবিনা আক্তার স্কুল অ্যান্ড কলেজের এমন ফলাফল প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ও পরিচালনা নিয়ে প্রশ্ন তুলেছে।
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কলেজটির মানবিক বিভাগ থেকে অংশ নেন আফরিন আক্তার নামের এক শিক্ষার্থী। ফলাফলে তিনি একটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। এর আগেও এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হতে পারেননি তিনি। ফলে এবারও প্রতিষ্ঠানটির পাসের হার শূন্য রয়ে গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৩ সালে সাবিনা আক্তার স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার কার্যক্রম শুরু হয়। তবে প্রতিষ্ঠার কয়েক বছর পেরিয়ে গেলেও সেখানে প্রয়োজনীয় শিক্ষা কার্যক্রম গড়ে ওঠেনি। প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত হয়নি। অধ্যক্ষের দাবি, তিনি ছাড়া কলেজে আর কোনো শিক্ষক নেই। নিয়মিত পাঠদানও কার্যত বন্ধ রয়েছে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবু তালেব বলেন, কলেজটি নতুন এবং এখনো এমপিওভুক্ত হয়নি। তাঁর বাইরে সেখানে আর কোনো শিক্ষক নেই। এবার একজন শিক্ষার্থী নিবন্ধন করে পরীক্ষায় অংশ নিয়েছিলেন, কিন্তু তিনিও অকৃতকার্য হয়েছেন। আগের পরীক্ষাতেও ওই শিক্ষার্থী পাস করতে পারেননি।
আবু তালেব আরও বলেন, কলেজে শিক্ষা কার্যক্রম প্রায় নেই বললেই চলে। যাঁরা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন, তাঁদেরও কার্যক্রম নেই বলে দাবি করেন তিনি। এমন পরিস্থিতিতে অধ্যক্ষ হিসেবে নিজেও বিপাকে রয়েছেন বলে জানান আবু তালেব।