নেত্রকোনায় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচটি কলেজের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। প্রতিষ্ঠানগুলো থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৩০ শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। শতভাগ অকৃতকার্য হওয়া পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানই নন-এমপিওভুক্ত।
গত শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
জেলা শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলো হলো—কেন্দুয়া উপজেলার গোপালপুর মডেল কলেজ, কলমাকান্দা উপজেলার কলমাকান্দা মহিলা কলেজ, পূর্বধলা উপজেলার খলিশাপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখা, এম্বিশন মডেল কলেজ এবং জোবায়দা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজ।
প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে দেখা যায়, গোপালপুর মডেল কলেজ থেকে একজন, কলমাকান্দা মহিলা কলেজ থেকে তিনজন, খলিশাপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখা থেকে চারজন, এম্বিশন মডেল কলেজ থেকে ছয়জন এবং জোবায়দা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজ থেকে ১৬ জন পরীক্ষায় অংশ নেয়। তবে কোনো প্রতিষ্ঠান থেকেই একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।
নেত্রকোনায় সামগ্রিক পাসের হার ৪৩.৯১ শতাংশ
চলতি বছর নেত্রকোনা জেলার ১০টি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৩ হাজার ৯১১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ হাজার ৮৭৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৭০ জন। জেলায় সামগ্রিক পাসের হার ৪৩ দশমিক ৯১ শতাংশ।
এদিকে, পাঁচটি কলেজের সব পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ার বিষয়টি খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজা জানান, শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের সঙ্গে দ্রুত আলোচনা করা হবে। শিক্ষার্থীরা কেন অকৃতকার্য হয়েছে, তা অনুসন্ধানের পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান কীভাবে বাড়ানো যায়, সে বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, এ বিষয়ে ইতিমধ্যে জেলা শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।