সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দুঃখ ও হতাশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেছেন, পবিত্র উদ্দেশ্য নিয়ে মানুষ মক্কায় যান। সেখানে এ ধরনের কর্মকাণ্ডে জড়ানো ঠিক নয়।
সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গভীর ও ঐতিহাসিক। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তথ্যের ঘাটতি ছিল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। কোথায় তথ্যের ঘাটতি বা যোগাযোগের সমস্যা ছিল, তা খতিয়ে দেখতে আলোচনা চলছে।
তিনি বলেন, “এটা অবশ্যই দুঃখজনক। যে অভিযোগ এনে বা যে অপরাধের কথা বলে এই শাস্তি কার্যকর হলো, এটাও আমাদের জন্য বেশ হতাশাজনক।”
মৃত্যুদণ্ড কার্যকরের কারণ সম্পর্কে পাওয়া তথ্যের প্রসঙ্গ টেনে হুমায়ুন কবির বলেন, অভিযোগগুলো সত্য হয়ে থাকলে বিষয়টি অত্যন্ত হতাশাজনক ও দুঃখজনক। তাঁর ভাষায়, এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সৌদি আরবে অবস্থানরত ব্যক্তিদের দেশটির প্রচলিত আইন মেনে চলতে হয়। সেখানে কোন কাজ দণ্ডনীয় অপরাধ, সে বিষয়ে সচেতন থাকা প্রয়োজন।
তবে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য ও যোগাযোগের ঘাটতি নিয়ে সৌদি সরকারের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানান তিনি।