কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে কুমিল্লাজুড়ে বিশেষ অভিযান চালিয়ে এক রাতেই ৬২৪ জনকে আটক করেছে জেলা পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) লুৎফর রহমান।
পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযানে কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় পুলিশের সদস্যরা মাঠে নামেন। কিশোর গ্যাং ও বখাটেদের উৎপাতের অভিযোগ রয়েছে—এমন এলাকাগুলোতে বিশেষভাবে অভিযান চালানো হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে সরাসরি অংশ নেন।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে আটক ৬২৪ জনের অতীত কর্মকাণ্ড ও অপরাধে সম্পৃক্ততার তথ্য যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাইয়ে কারও বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পুলিশ জানিয়েছে, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকানো এবং বিভিন্ন এলাকায় বখাটেদের উৎপাত নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়েছে। তাদের অপরাধ ও অতীত রেকর্ড বিবেচনায় নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।