নন্দিত কথাসাহিত্যিক ও প্রখ্যাত নাট্যকার ইমদাদুল হক মিলনকে সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাব।
শুক্রবার দুপুরে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ইমদাদুল হক মিলনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রেসক্লাবের সদস্যরা।
সংবর্ধনা অনুষ্ঠানে ইমদাদুল হক মিলন বলেন, **‘বই মানুষকে ভেতর থেকে বদলে দেয়। বইয়ের শক্তির সঙ্গে পৃথিবীর অন্য কোনো শক্তির তুলনা নেই।’** একটি বই মনোযোগ দিয়ে পড়লে মানুষের মনের ভেতর পরিবর্তন আসে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ে মানুষের ভেতরে পরিবর্তন আসে। কাজী নজরুল ইসলামের কবিতা মানুষকে উজ্জীবিত করে এবং বিভিন্ন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা দেয়। বর্তমানে বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে উল্লেখ করে নতুন প্রজন্মকে বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।
গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার, গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. হারুন অর রশিদ, গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, গৌরীপুর থানার ওসি হাবিবুর রহমান, গৌরীপুর লেখক সংঘের সাধারণ সম্পাদক পলাশ মাজহার, প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী আব্দুল্লাহ আল-আমিন, সাবেক আহ্বায়ক মো. রইছ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সদস্য আরিফ আহাম্মেদ, শুভসংঘের সভাপতি শঙ্কর ঘোষ পিলু ও সাধারণ সম্পাদক হারুন মিয়াসহ অনেকে।
আলোচনা সভা শেষে পাঠক সংগঠন বসুন্ধরা শুভসংঘের গৌরীপুর শাখার উদ্যোগে উপজেলার ২০ জন দরিদ্র নারীকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়। প্রধান অতিথি ইমদাদুল হক মিলন তাদের হাতে সেলাই মেশিন তুলে দেন।