ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের খালাসের আদেশ পাওয়া আটজন কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি ও মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পর্যায়ক্রমে তারা বের হন।
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. জাকির হোসেন। তিনি বলেন, জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে আটজনকে পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হয়েছে।
কারাগার থেকে বের হওয়ার পর মুক্তিপ্রাপ্তরা পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দেখা করেন। পরে তারা ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নুসরাত হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে ১০ জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া চারজনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
তবে অপর দুই আসামি সিরাজ উদদৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত।