দীর্ঘদিন বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করার পর নিজের ভুল উপলব্ধি করে রেল কর্তৃপক্ষের কাছে ২৫ হাজার টাকা জমা দিয়েছেন এক নারী যাত্রী। তবে অর্থ জমা দেওয়ার সময় নিজের পরিচয় প্রকাশ না করে তা গোপন রাখার অনুরোধ জানান তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের টিকিট বুকিং কাউন্টারে গিয়ে ওই অর্থ জমা দেন তিনি।
ঈশ্বরদী রেলওয়ে জংশনের সিনিয়র টিকিট পরীক্ষক (টিটিই) আব্দুল আলিম বিশ্বাস মিঠুর তথ্য অনুযায়ী, ওই নারী একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। চাকরির কারণে দীর্ঘদিন ঈশ্বরদী স্টেশন থেকে ট্রেনে উঠে কুষ্টিয়ার ভেড়ামারা রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন গন্তব্যে বিনা টিকিটে যাতায়াত করতেন।
পরবর্তীতে নিজের এ ভুল বুঝতে পেরে বিষয়টি সংশোধনের সিদ্ধান্ত নেন তিনি। এ জন্য রেলের ট্রাফিক সুপারিনটেনডেন্ট (টিকিট চেকিং) একেএম নুরুল আলমের সঙ্গে যোগাযোগ করেন।
তার পরামর্শ ও সহযোগিতা অনুযায়ী শনিবার ঈশ্বরদী রেলওয়ে জংশনে এসে ২৫ হাজার টাকা রেল কর্তৃপক্ষের কাছে জমা দেন ওই নারী।
টিটিই আব্দুল আলিম বিশ্বাস মিঠু বলেন, দীর্ঘদিন বিনা টিকিটে ভ্রমণের বিষয়টি উপলব্ধি করে ওই নারী নিজ উদ্যোগে রেলকে অর্থ দিয়েছেন। তার এই উদ্যোগকে ইতিবাচক ও অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন তিনি।
নিজের ভুল স্বীকার করে ক্ষতিপূরণ দেওয়ার এই উদ্যোগকে ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।