চট্টগ্রামের পটিয়ায় ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বাসটির ব্যাটারি বক্সের পাশে বিশেষ কায়দায় তৈরি একটি গোপন চেম্বারে এসব ইয়াবা রাখা ছিল। এ ঘটনায় বাসটির চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের মুজাফরাবাদ কলেজের পশ্চিম পাশে অভিযান চালিয়ে ইয়াবাগুলো জব্দ করা হয়। পরে বাসটিও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন বাসচালক মো. হোসেন (৪৬) ও হেলপার মো. পারভেজ মিয়া (৩৩)। হোসেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের বাসিন্দা। পারভেজ মিয়ার বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলায়। বর্তমানে তিনি চট্টগ্রামের রাউজানে বসবাস করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে হানিফ পরিবহনের বাসটিতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ব্যাটারি বক্সের পাশে বাসের ভেতরের অংশে তৈরি করা একটি গোপন চেম্বার পাওয়া যায়।
ওই চেম্বার খুলে ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। অভিযানের পর বাসের চালক ও সহকারীকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোপন অনুসন্ধানে বাসটি দীর্ঘদিন ধরে যাত্রী পরিবহনের আড়ালে কক্সবাজার থেকে চট্টগ্রাম ও ঢাকায় ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত হয়ে আসার তথ্য পাওয়া গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রামেশ্বর দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসটি থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে বাসটির মাধ্যমে কক্সবাজার থেকে চট্টগ্রাম ও ঢাকায় ইয়াবা পাচারের তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লোকাশীষ চাকমা বাদী হয়ে পটিয়া থানায় মামলা করেছেন।