সহকারী শিক্ষক (সংগীত) পদটি সৃজনের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ হতে অসম্মতি দেওয়া হয়েছে বলে সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (১৪ জুন) চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মো. নূরুল ইসলামের প্রশ্ন ছিল— সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়োগ বিধিমালা-২০২৫ অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়গুলিতে যেই বিতর্ক সহকারী শিক্ষক (সংগীত) পদটি সৃষ্টি করা হয়েছে। তার বর্তমান অবস্থা কি?
লিখিত উত্তরে শিক্ষামন্ত্রী জাতীয় সংসদকে জানান, প্রাথমিক বিদ্যালয়ে সংগীত বিষয়ের শিক্ষক পদটি সৃজনের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অসম্মতি প্রদান করা হয়েছে।
মো. নূরুল ইসলামের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে বিদ্যমান দুই শিফটের বিদ্যালয়ে পর্যায়ক্রমে এক শিফটে রূপান্তরের কার্যক্রম চলমান রয়েছে। বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের পড়াশোনার মানসিক চাপ কমাতে আনন্দময় শিক্ষা কার্যক্রম গ্রহণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কওমি মাদ্রাসা থেকে উত্তীর্ণ যোগ্য শিক্ষার্থীদের অন্তর্ভূক্ত করার বিষয়ে সরকারের বিবেচনা রয়েছে কি?
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহবুবা হাকিমের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যমান শিক্ষক নিয়োগ বিধিমালায় বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের কোনো বিধান নেই। তবে ভবিষ্যতে বিষয়ভিত্তিক হিসেবে শিক্ষক নিয়োগের বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে।