দেশের বিমান পরিবহন খাতকে বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। প্রথম ধাপে ৩৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনার পাশাপাশি দীর্ঘমেয়াদে বাংলাদেশের বিমানবহরে উড়োজাহাজের সংখ্যা ২০০ ছাড়িয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
রোববার (১১ অক্টোবর) ময়মনসিংহ নগরীর সারিন্দা সবারি রিসোর্টে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ময়মনসিংহ সিটি করপোরেশনের আয়োজনে অনুষ্ঠানটির শিরোনাম ছিল ‘সৃষ্টি সুখের উল্লাসে’।
মন্ত্রী জানান, পরিকল্পনা অনুযায়ী কেনার কথা থাকা ৩৫টি উড়োজাহাজ দেশে পৌঁছাতে প্রায় এক দশক সময় লাগতে পারে। ২০৩১ সাল থেকে পর্যায়ক্রমে এগুলো আসা শুরু হবে। সরবরাহ প্রক্রিয়া ২০৩৬ থেকে ২০৩৭ সাল পর্যন্ত চলতে পারে বলে তিনি উল্লেখ করেন।
দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজনীয়তা তুলে ধরে রশিদুজ্জামান মিল্লাত বলেন, বর্তমানে দেশের বিমানবহরে থাকা উড়োজাহাজগুলো একসময় পুরোনো হয়ে যাবে। তখন যাত্রী পরিবহন অব্যাহত রাখা এবং ভবিষ্যতের চাহিদা মেটাতে নতুন উড়োজাহাজ প্রয়োজন হবে।
তিনি আরও বলেন, দেশের নতুন প্রজন্মের মেধা ও সক্ষমতা বিকাশের সঙ্গে তাল মিলিয়ে বিমান পরিবহন খাতকে এগিয়ে নিতে হবে। তাঁর প্রত্যাশা, ৩৫টি উড়োজাহাজ সংগ্রহের পরিকল্পনা ভবিষ্যতে আরও বড় বিমানবহর গড়ে তোলার ভিত্তি হিসেবে কাজ করবে।
আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেন বিমানমন্ত্রী। কানাডা ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও চীনের মতো দেশে সরাসরি ফ্লাইট পরিচালনার সুযোগ সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। বিভিন্ন গন্তব্যে ফ্লাইট চালাতে প্রয়োজনীয় উড়োজাহাজ চলাচলের স্লট নিশ্চিত করার বিষয়েও কাজ করার কথা জানান।
বিমান পরিবহনের পাশাপাশি পর্যটন খাতের বিকাশেও উদ্যোগ নেওয়ার কথা বলেন মন্ত্রী। নেত্রকোনার বিরিশিরিকে জাতীয় পর্যায়ের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি। একই সঙ্গে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে উন্নয়ন, কর্মসংস্থান ও অবকাঠামোগত অগ্রগতি ত্বরান্বিত করতে জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনোজ্জামান রোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি, ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মো. জাকির হোসেন বাবলু এবং ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুলাহেল মাজেদ। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।