চলতি সপ্তাহেই রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার (০৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল এ সপ্তাহেই অনুষ্ঠিত হবে।
এর আগে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছিলেন, এই নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। সেটার আইটি সাপোর্টেড যে আপনার পোস্টাল ভোটিং, সেটারও আমরা প্রস্তুতি নিচ্ছি। আশা রাখি আমরা অল্প কিছুদিনের মধ্যেই আমরা সিডিউলটা ডিক্লেয়ার করতে পারব। নির্বাচন পূজা, পরীক্ষা ইত্যাদি বিবেচনায় নিয়ে তারিখ নির্ধারণ করা হবে।
২২ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এতে বলা হয়, সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, গত ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকে আসনটি শূন্য হয়েছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন পরিচালনা শাখা ইতোমধ্যে উপনির্বাচন আয়োজনের প্রয়োজনীয় নথি প্রস্তুতের কাজ শুরু করেছে। আসনটি শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে ভোট আয়োজনের বাধ্যবাধকতা থাকায় সময় বিবেচনায় নিয়ে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে কমিশন।
ইসির জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ওইদিনই বলেন, যেহেতু আসনটি শূন্য হয়ে গেছে। পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। আমরা খুব বেশি সময় নেবো না।
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচিত হয়েছিলেন। গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩-তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।