গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ রয়েছে থানা দুটির দাপ্তরিক কার্যক্রম। প্রয়োজনীয় সেবা নিতে থানায় এসে ফিরে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। এতে ভোগান্তির পাশাপাশি ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে সেবাপ্রার্থীদের মধ্যে। ক্ষতিগ্রস্ত থানার পুলিশ সদস্যরা বর্তমানে জেলা পুলিশ লাইন্সে অবস্থান করছেন। তবে দ্রুত থানাগুলোর কার্যক্রম আংশিকভাবে চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
জানা গেছে, গত ১০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে জানা গেছে।
ওই ঘটনায় গত ১৭ নভেম্বর বিকেলে উপজেলা চত্বর থেকে দুই আসামিকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। সন্ধ্যায় গ্রেপ্তার ব্যক্তিদের ছাড়িয়ে নিতে মাইকিং করে থানা ঘেরাও করেন স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।
পরে পুলিশ সদস্যরা পিছু হটলে থানায় প্রবেশ করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন নেতাকর্মীরা। এ সময় থানার অস্ত্রাগার ভেঙে অস্ত্র লুট এবং হাজতখানা ভেঙে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। পুলিশের কয়েকটি গাড়ি ও বিভিন্ন মামলায় জব্দ করা যানবাহনও আগুনে পুড়িয়ে দেওয়া হয়। তবে লুট হওয়া অস্ত্রের সুনির্দিষ্ট সংখ্যা এখনও জানাতে পারেনি পুলিশ।
অন্যদিকে, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় থানার কয়েকটি পুলিশ গাড়ি ও বিভিন্ন মামলায় জব্দ করা যানবাহন পুড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি অস্ত্রাগার থেকেও অস্ত্র লুটের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) সুবীর কুমার সাহা জানান, মুকসুদপুর থানার চারটি পুলিশ গাড়ি ও দুটি মোটরসাইকেলসহ বিভিন্ন মামলায় জব্দ করা বেশ কয়েকটি যানবাহন আগুনে পুড়ে গেছে। কয়েকটি মোটরসাইকেল লুট হয়েছে। আগুনে থানার সবকিছু ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষয়ক্ষতি ও অস্ত্রের হিসাব নির্ধারণে সমস্যায় পড়তে হচ্ছে। সালথা থানা থেকে পুলিশ এসে কিছু অস্ত্র উদ্ধার করেছে।
তিনি বলেন, থানার পূর্ণাঙ্গ সেবা চালু করতে কিছুটা সময় লাগবে। তবে দ্রুত অন্তত সাধারণ ডায়েরি (জিডি) সেবা চালুর জন্য জেলা পুলিশ কাজ করছে।
শনিবার (২১ নভেম্বর) থানা দুটি সরেজমিনে দেখা যায়, বাইরে পড়ে রয়েছে পোড়া গাড়ি ও মোটরসাইকেল। থানার ভেতরে বিভিন্ন কক্ষজুড়ে ধ্বংসাবশেষ। ওসির কক্ষ, তদন্ত ও অপারেশন কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ এবং পুলিশ সদস্যদের ব্যারাকে ভাঙচুর ও অগ্নিসংযোগের চিহ্ন রয়েছে। আগুনে পুড়ে গেছে থানার নথিপত্র ও কম্পিউটারও।
থানায় সেবা নিতে এসে ফিরে যাওয়া কয়েকজনের মধ্যে টুঙ্গিপাড়ার বাঁশবাড়িয়া এলাকার আসিয়া বেগম জানান, তার দুই দিন আগে নাতি হারিয়ে গেছে। নিখোঁজ ডায়েরি করতে থানায় এসেও কোনো সেবা পাননি তিনি। থানা পুড়িয়ে দেওয়ার পর পুলিশ সদস্যদেরও সেখানে না পেয়ে হতাশা প্রকাশ করেন তিনি।
মুকসুদপুর থানার মোচনা ইউনিয়নের রহিজ মোল্লা জানান, প্রতিবেশীরা তার জমিতে জোর করে পাকা ঘর নির্মাণ করছেন এবং বাধা দিলে হত্যার হুমকি দিচ্ছেন। এ ঘটনায় আইনি সহায়তা নিতে থানায় এসে দেখেন, থানা পুড়িয়ে দেওয়ায় সেখানে পুলিশ সদস্য কিংবা সেবা কার্যক্রম নেই।
গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হুমায়ুন কবির বলেন, ধ্বংসস্তূপের মধ্যেও যতটা সম্ভব সেবা চালু করার চেষ্টা চলছে। বিশেষ করে সাধারণ ডায়েরি (জিডি) কার্যক্রম দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।