পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে টানা তিন দিন ধরে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে পাবনা সদর সার্কেল অফিসের ইন্সপেক্টর গোলাম মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ। তিনি জানান, ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করে গোলাম মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাতেই নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব বুঝে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বেড়া পৌর এলাকার বৃশালিখা এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ মিছিল করেন। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে রাখা খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এরপর থেকে বিরতি দিয়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলতে থাকে। শনিবার দুপুরে বেড়া পৌর এলাকার বৃশালিখায় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, সংঘর্ষে আহত হওয়ার খবর পাওয়া গেলেও আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।