সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত চার বাংলাদেশি বর্তমানে রিয়াদের কিং খালেদ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে বাংলাদেশ সরকার।
রোববার (১১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
প্রতিমন্ত্রী জানান, নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাঁরা দেশের কোন জেলার বাসিন্দা এবং দেশে তাঁদের পরিবারের সদস্য কারা—এসব তথ্য জানতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
শামা ওবায়েদ বলেন, এর আগেও হুথিদের হামলায় একজন বাংলাদেশি নিহত হয়েছিলেন। সর্বশেষ ঘটনায় আরও দুই বাংলাদেশির প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে তিনি নিহতদের জন্য দোয়া করেন এবং নতুন করে হতাহতের খবর না আসার আশা জানান।
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে এ পর্যন্ত ১৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের প্রাণহানি মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর। বাংলাদেশ সরকার সংঘাত ও হামলা বন্ধ হওয়ার প্রত্যাশা করে।
বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তাকে সরকারের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন শামা ওবায়েদ। তাঁর ভাষ্য, প্রধানমন্ত্রী বিদেশে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণকে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী সৌদি আরবে বাংলাদেশ মিশন সেখানে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করছে এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছে।
হামলার পর রিয়াদগামী ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। ওই সময় কিং খালিদ বিমানবন্দরে বাংলাদেশের কোনো ফ্লাইট অবস্থান করছিল কি না, কিংবা কোনো বাংলাদেশি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে কি না—এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের কাছে কোনো তথ্য নেই। হামলার খবর পাওয়ার পরপরই ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং আহতদের চিকিৎসার বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান শামা ওবায়েদ। এ জন্য সৌদি সরকার ও সেখানে বাংলাদেশিদের নিয়োগদাতা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হবে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নিহতদের মরদেহ দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আহত চার বাংলাদেশির চিকিৎসা এবং সৌদি আরবে অবস্থানরত অন্য বাংলাদেশিদের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশ মিশন যোগাযোগ অব্যাহত রেখেছে।