ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ মারা গেছেন জামালপুর সদর এলাকার ২৬ বছর বয়সী তরুণ সাইফ। চলতি বছরের শুরু থেকে ১১ অক্টোবর পর্যন্ত হাসপাতালটিতে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ৩ হাজার ৬২১ জন।
রোববার (১১ অক্টোবর) হাসপাতালের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতির তথ্য থেকে এসব পরিসংখ্যান জানা গেছে।
হাসপাতাল সূত্র জানায়, সাইফ গত ১০ অক্টোবর রাত ৮টা ২০ মিনিটে হাসপাতালে ভর্তি হন। পরদিন রোববার সকাল ৬টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি জামালপুর সদর এলাকার হযরত আলীর ছেলে।
চিকিৎসকদের প্রাথমিক তথ্য অনুযায়ী, ডেঙ্গুজনিত শক সিনড্রোমের কারণে তাঁর হৃদ্যন্ত্র ও শ্বাস-প্রশ্বাসের কার্যক্রম অপরিবর্তনীয়ভাবে বন্ধ হয়ে যায়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত নতুন ৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ জন। এই সময়ে একজনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের হিসাব অনুযায়ী, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১৩৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ৮৪ জন পুরুষ, ৩৬ জন নারী এবং ১৭ জন শিশু।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন ডা. মো. সেলিম উদ্দিন জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীদের হাসপাতালে আসা অব্যাহত রয়েছে। নতুন রোগী ভর্তির পাশাপাশি অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তবে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে।
তিনি ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তীব্র পেটব্যথা, বারবার বমি, রক্তপাত, অতিরিক্ত দুর্বলতা কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দেরি না করে হাসপাতালে যেতে হবে। এসব ক্ষেত্রে দ্রুত চিকিৎসা নেওয়া গুরুত্বপূর্ণ।