সৌদি আরবে নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে এবার জেদ্দা বিমানবন্দর থেকেও ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে জেদ্দা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীরা বিমানবন্দরে আটকা পড়েছেন।
রোববার (১১ অক্টোবর) জেদ্দা বিমানবন্দরে নিযুক্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে ফ্লাইট ছাড়তে পারছেন না তাঁরা। এ কারণে ঢাকাগামী যাত্রীদের বোর্ডিংও শুরু করা সম্ভব হয়নি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই কর্মকর্তা আরও জানান, বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এতে ঢাকাগামী যাত্রীদের ভোগান্তি বাড়ছে।
এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একের পর এক হামলার খবর সামনে আসে। এসব ঘটনার পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, হুথিদের হামলার কারণে শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদিসহ সংশ্লিষ্ট রুটে মোট পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, সৌদিয়া ও রিয়াদ এয়ারের ফ্লাইট রয়েছে।
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল কখন স্বাভাবিক হবে, তা নিশ্চিত নয়।