সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আশঙ্কায় টাঙ্গুয়ার হাওরের পর্যটক ও হাউসবোট মালিকদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান সই করা বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সুনামগঞ্জ জেলা এবং ভারতের মেঘালয়ে ভারি বর্ষণের কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অব্যাহত আছে বর্ষণ। এতে সুরমা, কুশিয়ারা, যাদুকাটাসহ জেলার নদ-নদীর পানি বাড়ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে হাওরে নৌযান চলাচল এখন ঝুঁকিপূর্ণ। তাই এমন পরিস্থিতিতে পর্যটকদের নিয়ে হাওরে যাত্রা না করার আহ্বান জানানো হয়।
এ ছাড়া অতিরিক্ত যাত্রী পরিহার করে হাউসবোটে মানসম্মত লাইফ জ্যাকেট, লাইফবয়, রিং-এর ব্যবস্থাও নিশ্চিত করার কথা জানান হয়েছে। নির্দেশনায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ও পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসনের সতর্কবার্তা মেনে চলার আহ্বান জানানো হয়।
এ বিষয়ে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ নির্দেশনা মেনে চলার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
তা ছাড়া, বন্যা পরিস্থিতির অবনতি হলে হাউসবোট পরিচালনা সাময়িকভাবে বন্ধ প্রদানের নির্দেশনা এলে অবিলম্বে তা বাস্তবায়ন করার আগাম সতর্কবার্তা জারি করে প্রশাসন।