দীর্ঘ চিকিৎসা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন। তার শারীরিক অবস্থা নিয়ে ছড়ানো গুজবকে ভিত্তিহীন বলে জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার অসুস্থতা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এ বিষয়ে আফরোজা আব্বাস বলেন, আগের তুলনায় তার অবস্থার উন্নতি হয়েছে এবং ধাপে ধাপে স্বাভাবিক জীবনে ফিরছেন। দ্রুতই তাকে নিয়ে দেশে ফেরার আশাও প্রকাশ করেন তিনি।
এর আগে ১০ এপ্রিল সিঙ্গাপুরে অবস্থানরত তার একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল জানান, চিকিৎসায় ইতিবাচক সাড়া মিলেছে। নিয়মিত থেরাপির মাধ্যমে তিনি ধীরে ধীরে শারীরিক সক্ষমতা ফিরে পাচ্ছেন। তিনি বসতে পারছেন এবং অল্প কথা বলতেও সক্ষম হয়েছেন, যা চিকিৎসকদের কাছে ইতিবাচক লক্ষণ।
পরবর্তীতে ১৪ এপ্রিল তাকে ফিজিওথেরাপির জন্য মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। সেখানে নিবিড় থেরাপির মাধ্যমে তার শারীরিক সক্ষমতা পুনরুদ্ধারের চেষ্টা চলছে।
গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান এই নেতা। প্রথমে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে ১৫ মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে এক মাস চিকিৎসার পর তার অবস্থা স্থিতিশীল হয়।
পরিবারের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
রাজনৈতিক জীবনে সক্রিয় এই নেতা সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে নির্বাচিত হন। বর্তমানে তিনি সংসদ সদস্যের পাশাপাশি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।