1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল যেভাবে থানা থেকে পালিয়েছিলেন মিতু সংসদে ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা নিয়ে কী বলেছিলেন হাসনাত আবদুল্লাহ? সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি মক্কা প্যাক্টে যোগদানের প্রস্তাব পেলে ইতিবাচকভাবে দেখবে ঢাকা জবানবন্দিতে উঠে এল নতুন তথ্য, দুই আসামির ডিএনএ ও ডোপ টেস্ট হবে দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ২ বছর স্কুলে অনুপস্থিত, শিক্ষকের বিরুদ্ধে বেতন-ভাতা তোলার অভিযোগ

সংসদে ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা নিয়ে কী বলেছিলেন হাসনাত আবদুল্লাহ?

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ও নৌকাবাইচ বন্ধ হওয়ার বিষয়ে সম্পূরক প্রশ্ন করেছিলেন কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার বক্তব্যের পর ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে প্রতিবাদ। শুক্রবার (২৮ আগস্ট) রাতে বিক্ষোভ মিছিল করে কওমি ছাত্র ঐক্য পরিষদ। এ সময় হাসনাত আবদুল্লাহকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কোনো কর্মসূচি হতে না দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। এ নিয়ে জেলায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

সংসদে কী বলেছিলেন হাসনাত আবদুল্লাহ?

জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে একটি সম্পূরক প্রশ্ন করেন হাসনাত আবদুল্লাহ।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির তুলনামূলক চিত্র তুলে ধরে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় প্রতি মাসে গড়ে ২৬০টি হত্যাকাণ্ড হয়েছে, আর বর্তমান সরকারের সময়ে হয়েছে ৩১১টি। অন্তর্বর্তী সরকারের ছয় মাসে খুন হয়েছেন ১ হাজার ৭৮০ জন এবং বর্তমান সরকারের ছয় মাসে খুন হয়েছেন ১ হাজার ৭৮৯ জন।

হাসনাত আরও বলেন, অন্তর্বর্তী সরকারের ছয় মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ছিল ১ হাজার ৯০টি। বর্তমান সরকারের সময়ে এই সংখ্যা ১১ হাজার ১৬৫টি। আগের সরকারের ছয় মাসে গণপিটুনিতে নিহত হন ১৬৬ জন, বর্তমান সরকারের সময়ে নিহত হয়েছেন ১২০ জন। পুলিশের ওপর হামলার ঘটনা আগের সময়ে ছিল ২৭৫টি, বর্তমান সরকারের সময়ে হয়েছে ৩১৭টি।

এরপর ব্রাহ্মণবাড়িয়ার প্রসঙ্গ তুলে ধরেন হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বন্ধ করে দেওয়া হয়েছে, নৌকাবাইচ বন্ধ করে দেওয়া হয়েছে।” স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াকে একটি ‘কালচারাল জেলা’ হিসেবে উল্লেখ করেছিলেন। এ কথা উল্লেখ করে তিনি সেখানে গান-বাজনা ও সিনেমা বন্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন।

সবশেষে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি জানতে চান, গত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার বা নিয়ন্ত্রণে তিনি কতটা ভূমিকা রাখতে পেরেছেন এবং এ ক্ষেত্রে তিনি ব্যর্থ হয়েছেন কি না।

হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এটা প্রশ্ন, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি।’

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ছয় মাসে স্বরাষ্ট্রমন্ত্রী সফল হয়েছেন কি না এটি একটি প্রশ্ন। আর ব্রাহ্মণবাড়িয়া জেলায় সিনেমা হল কেন নেই, সেটি আরেকটি প্রশ্ন।’

হাসনাত আবদুল্লাহর বক্তব্যে উল্লেখ করা হত্যা ও আহতের পরিসংখ্যান নিয়েও প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘কত হত্যা হয়েছে, জখম হয়েছে ইত্যাদি যে ডাটা দিলেন, সেই ডাটাটা কীসের ভিত্তিতে দিলেন, কী পরিসংখ্যানের ভিত্তিতে দিলেন, সেই স্ট্যাটিস্টিকটা আমি জানি না।’

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং তা দৃশ্যমান। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সংঘটিত বিভিন্ন অপরাধের ঘটনায় অপরাধীদের ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, কোনো নির্দিষ্ট ঘটনা নিয়ে প্রশ্ন থাকলে তা উল্লেখ করা হলে তিনি ৩০০ বিধিতে সংসদে বিবৃতি দিতে পারবেন।

হাসনাতের বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

এদিকে সংসদে হাসনাত আবদুল্লাহর দেওয়া বক্তব্যের প্রতিবাদে শুক্রবার (২৮ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। রাত পৌনে ১২টার দিকে শহরের জামিয়া ইউনিসিয়া মাদরাসা থেকে মিছিলটি বের হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিক বিভিন্ন ঘটনা নিয়ে সংসদে হাসনাত আবদুল্লাহর বক্তব্যের সমালোচনা করেন। এ সময় তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা এবং বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ক্ষমা না চাওয়া পর্যন্ত জেলায় এনসিপির কোনো কর্মসূচি হতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেন তারা।

শনিবার (২৯ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির সাংগঠনিক কর্মসূচি রয়েছে। এর আগেই হাসনাত আবদুল্লাহর বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষোভ ও কর্মসূচি প্রতিহতের ঘোষণায় জেলায় উত্তেজনা তৈরি হয়েছে।

এ বিষয়ে এখন পর্যন্ত এনসিপির কোনো নেতাকে কথা বলতে দেখা যায়নি। হাসনাত আব্দুল্লাহরও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিবাদে মাদরাসা শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আগামীকালের এনসিপির কর্মসূচি ঘিরে পুলিশের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি