রাজধানীর ডেমরার আমুলিয়া মডেল টাউনে একটি প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত এক শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে চিপস ও চানাচুরের প্যাকেট তৈরির ওই কারখানায় আগুন লাগে।
আহত শ্রমিক সুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।
খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের সঙ্গে আরও একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেশিনের ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, ঘটনাস্থলে পৌঁছেই আগুন নিয়ন্ত্রণে কার্যক্রম শুরু করা হয় এবং আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন পিপিএম জানান, আহত শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের কথাও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।