জামালপুরের ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশনে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকাগামী ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেন আড়াই ঘণ্টা আটকে ছিল। পরে মেকানিক এসে বিকল ইঞ্জিন মেরামত করলে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। হঠাৎ এই বিলম্বের কারণে ভোগান্তিতে পড়েন ঢাকাগামী যাত্রীরা।
আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. শাহীন।
রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ বাজার স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টা ৫৩ মিনিটে ইসলামপুর বাজার স্টেশনে পৌঁছায়। বিরতি শেষে ৬টা ৫৫ মিনিটে ট্রেনটি ছাড়ার মুহূর্তে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে ট্রেনটি প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে পড়ে।
ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশনমাস্টার মো. শাহীন জানান, ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ার পর দেওয়ানগঞ্জ ও ময়মনসিংহ লোকোশেডে যোগাযোগ করা হয়। পরে দেওয়ানগঞ্জ থেকে মেকানিক এসে ইঞ্জিনটি মেরামত করেন। মেরামত শেষে সকাল ৯টা ২৫ মিনিটে (আড়াই ঘণ্টা পর) ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে এ ঘটনায় অন্য কোনো ট্রেনের চলাচলে ব্যাঘাত ঘটেনি।