1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, উদ্ধার এক ব্যক্তির মরদেহ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন এলিজা জামান সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সোনারগাঁয়ে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি পাঠ্যবইয়ে ‘দাঁড়িপাল্লা’ বিতর্কের রেশ কাটেনি, এবার ‘নৌকা’ নিয়ে তোলপাড় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে মধ্যরাতে অভিযান, জব্দ বিপুল পরিমাণ অ্যালকোহল জামালগঞ্জের আলোচিত এসিল্যান্ড শান্তকে সিলেটে বদলি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে জাপান যাচ্ছেন আমজনতার মো. তারেক চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি পাঠ্যবই অনুমোদন

সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সরকার অনুমতি দিলে এবং প্রয়োজন হলে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, পুলিশ কঠোর হলে ‘ফ্যাসিস্ট পুলিশ’ আর নীরব থাকলে ‘দুর্বল পুলিশ’ বলা হয়। তবে পুলিশকে কার্যকরভাবে কাজ করার সুযোগ না দিলে সমাজে শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়।

সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর চকবাজারের শাহজাহান ইমাম টাওয়ারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক ব্যাংকিং সেবা ‘কমিউনিটি ইসলামিক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের বিষয় ছিল ‘ব্যাংকিং খাতে নৈতিকতা ও স্বচ্ছতার তাগিদ’।

আইজিপি বলেন, পাড়া-মহল্লায় মাদকের বিস্তার রোধে পুলিশ শূন্য সহনশীলতা নীতিতে কাজ করছে। পুলিশের কোনো সদস্য অপরাধে জড়ালে তাঁকেও ছাড় দেওয়া হচ্ছে না। গত দুই মাসে ২৭ জন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

পুলিশকে অকার্যকর করার চেষ্টা বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি বলেন, পুলিশের ওপর বারবার চড়াও হওয়া বা বাহিনীকে দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করা হলে সমাজব্যবস্থা টিকিয়ে রাখা কঠিন হবে। গুজব ও মিথ্যা প্রচারণায় কান না দিয়ে সংবিধান ও আইন অনুযায়ী পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

আইজিপি অভিযোগ করেন, গত ১৭ বছরে তৎকালীন সরকারি দলের নেতাদের একটি অংশ মাদক ব্যবসা থেকে মাসোহারা পেতেন এবং পুলিশের কিছু সদস্যও এতে জড়িত ছিলেন। তিনি বলেন, পুলিশ বাহিনীর ভেতরের অনিয়ম দূর করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশের দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে কাজ করতে হয় পুলিশকে। তাই পুলিশ সদস্যদের শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার গুরুত্ব রয়েছে। কনস্টেবল থেকে শুরু করে সব পর্যায়ের সদস্যই তৃণমূল পর্যায়ে জনগণকে সেবা দেন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ব্যর্থতা কিংবা শিল্পকারখানায় শ্রমিকদের বেতন না দেওয়ার মতো পরিস্থিতিতেও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সব সমস্যার দায় পুলিশের ওপর চাপিয়ে বাহিনীকে অকার্যকর করা যাবে না।

জুলাই অভ্যুত্থানের পর পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে ভয় পাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল উল্লেখ করে আইজিপি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে পুলিশ দিনরাত কাজ করছে।

সম্প্রতি পুলিশের সমালোচনা করে নাগরিক সমাজের ১০১ জন সদস্যের দেওয়া বিবৃতির প্রসঙ্গেও কথা বলেন আইজিপি। ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তার অধিকারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, স্বাধীনতার অর্থ যা ইচ্ছা তা করার অধিকার নয়; সবাইকে আইনের আওতায় থাকতে হবে।

তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের কর্মকাণ্ডের ওপরও নজরদারি ও জবাবদিহির ব্যবস্থা রয়েছে। তবে আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশকে প্রয়োজনীয় ক্ষমতা ও সুযোগ দিতে হবে।

অনুষ্ঠানে ব্যাংকিং খাতের অনিয়ম, ব্যাংক দখল এবং উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণার সমালোচনা করেন আইজিপি। তিনি বলেন, ইসলামে সুদ ও ঘুষ সম্পূর্ণ হারাম। প্রকৃত ইসলামিক ব্যাংকিংয়ে সুদমুক্ত ব্যবস্থার পাশাপাশি অংশীদারত্ব, নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের তদারকি ও নজরদারি যথাযথ না হলে শুধু আইন দিয়ে অনিয়ম বন্ধ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। এ ক্ষেত্রে গ্রাহক ও বাস্তবায়নকারী—উভয় পক্ষের নৈতিক অবস্থান গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

বর্তমান ব্যবস্থাপনার অধীনে গ্রাহকদের আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতে ঘটে যাওয়া অনিয়মের পুনরাবৃত্তি ঠেকাতে হবে। পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) ওপর নজরদারি আরও জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক এবং বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা সম্প্রসারণ ও গ্রাহকদের জন্য আধুনিক বিকল্প ব্যাংকিং সুবিধা চালুর লক্ষ্য নিয়ে ‘কমিউনিটি ইসলামিক’-এর যাত্রা শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি