কক্সবাজারের হিমছড়ি সৈকতে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী এসএম নাফিসুর রহমান নিবিড়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে সাগরে ভেসে যাওয়া পর্যটকদের মধ্যে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হলো।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কক্সবাজারের কলাতলী ভাঙার মোড় এলাকার সৈকতে জোয়ারের পানিতে নিবিড়ের মরদেহ ভেসে আসে। পরে স্থানীয় বাসিন্দা ও সৈকতের উদ্ধারকারী দলের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।
নিবিড়ের বয়স ছিল ২৩ বছর। তিনি রাজধানীর আজিমপুর এলাকার বাসিন্দা এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২১ অক্টোবর) বিকেলে ঢাকা থেকে আসা একদল পর্যটক হিমছড়ির পেঁচারদ্বীপ জাদুঘরসংলগ্ন সৈকতে সাগরে গোসল করতে নামেন। এ সময় উত্তাল ঢেউ ও প্রবল স্রোতের টানে তাঁরা ভেসে যান।
ঘটনার দিনই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে তখন আরও দুজন নিখোঁজ ছিলেন। পরে বৃহস্পতিবার সকালে হারুন নামের এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়। সর্বশেষ সন্ধ্যায় নিবিড়ের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে নিখোঁজ পর্যটকদের উদ্ধার অভিযান শেষ হয় বলে জানা গেছে।
কক্সবাজারের কলাতলী ও হিমছড়ি এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা জানান, উদ্ধার করা মরদেহগুলো প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।