নির্বাচনী পরিবেশ নিয়ে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করতে গিয়ে ‘সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন’ মন্তব্য করেছিলেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এবার সেই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের ভিত্তিতেই ওই মন্তব্য করেছিলেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার বলেন, আওয়ামী লীগ সরকারের সময় এমন পরিবেশ তৈরি হয়েছিল, যেখানে সমাজের ভালো মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হয়নি।
তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের সময়ে এ পরিস্থিতির অবসান হবে। একই সঙ্গে নির্বাচনব্যবস্থায় আমূল সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে উপযুক্ত পদ্ধতি নির্ধারণ করতে হবে।
স্পিকার বলেন, এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ নেওয়া উচিত ছিল, কিন্তু তা নেওয়া হয়নি। তাঁর মতে, প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের বক্তব্য থেকে বোঝা যায়, আগামী নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচন নিরপেক্ষ ও অবাধ হওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সাধারণ মানুষের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের সরাসরি যোগাযোগ থাকে। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হয়নি। তবে বর্তমান নির্বাচন কমিশনের ওপর তাঁর আস্থা রয়েছে বলে জানান তিনি। তাঁর মতে, ইতোমধ্যে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় সুষ্ঠু হয়েছে।
ভোলার প্রাকৃতিক গ্যাসসম্পদ নিয়ে কথা বলতে গিয়ে স্পিকার বলেন, জেলাটিতে আরও বিপুল পরিমাণ গ্যাসের মজুত রয়েছে বলে তাঁরা আশা করছেন। এসব গ্যাস কীভাবে ব্যবহার করা হবে, সে বিষয়ে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এ বিষয়ে সরকার বিদেশে যোগাযোগ করছে বলেও জানান তিনি।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সহজ সুযোগ ভোলাতেই রয়েছে। ভোলার গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর এবং ভোলা জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।