প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সময় প্রটোকল ভঙ্গের অভিযোগ ওঠার পর রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট আদেশে জানানো হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে তাঁকে তাৎক্ষণিক বদলি করা হয়। বুধবার (২১ অক্টোবর) বিষয়টি প্রকাশ্যে আসে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী সফর শেষে শাহ মখদুম বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সামরিক উড়োজাহাজে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার আগে সেখানে উপস্থিত রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে হাত মেলান তিনি।
এ সময় বিভাগীয় কমিশনার ইউসুফ আলী প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভেঙে ঝুঁকে সামনে এগিয়ে আসার চেষ্টা করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর পরপরই তাঁকে বদলি করা হয় বলে খবরে বলা হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচিতে মঙ্গলবার সকালে ঢাকা থেকে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল পৌনে ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক উড়োজাহাজে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি। পরে রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে যান এবং সেখানকার কর্মসূচি শেষ করে রাতে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।