রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষা এবার প্রথমবারের মতো ময়মনসিংহে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুরের প্রায় ৪০ হাজার ভর্তিপ্রত্যাশী শিক্ষার্থীর দীর্ঘদিনের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বছর থেকেই ময়মনসিংহে আঞ্চলিক ভর্তি পরীক্ষা কেন্দ্র চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তকে ঘিরে ময়মনসিংহ বিভাগজুড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।
জানা গেছে, বৃহত্তর ময়মনসিংহের শিক্ষার্থীদের দীর্ঘ যাতায়াত, আবাসন সংকট ও অতিরিক্ত ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে বেশ কিছুদিন ধরে ময়মনসিংহে ভর্তি পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থী ও বিভিন্ন আঞ্চলিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান ও আলোচনা শেষে প্রশাসনের পক্ষ থেকে ময়মনসিংহে কেন্দ্র চালুর বিষয়ে সম্মতি দেওয়া হয়।
এ দাবির পেছনে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা সমিতি এবং ‘রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব হালুয়াঘাট-ধোবাউড়া’র নেতৃবৃন্দের যৌথ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শিক্ষার্থীরা জানান, এতদিন ভর্তি পরীক্ষায় অংশ নিতে তাদের শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাজশাহীতে যেতে হতো। এতে যাতায়াত ব্যয়ের পাশাপাশি আবাসন নিয়েও ভোগান্তিতে পড়তে হতো। অনেক সময় শিক্ষার্থী ও অভিভাবকদের ক্যাম্পাসের বারান্দা কিংবা মসজিদে রাত কাটাতে হতো।
ময়মনসিংহে কেন্দ্র চালু হলে বাড়ির কাছেই ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন এসব অঞ্চলের শিক্ষার্থীরা। এতে বিশেষ করে নারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চার জেলার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তাদের মতে, ভর্তি পরীক্ষার কেন্দ্র ময়মনসিংহে হওয়ায় দূরত্ব ও আর্থিক সীমাবদ্ধতার কারণে যারা আগে পরীক্ষায় অংশ নিতে সমস্যায় পড়তেন, এবার তারাও স্বাচ্ছন্দ্যে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।