ক্রিকেটার ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) সাকিব আল হাসান বিএনপি নেতৃত্বাধীন সরকারকে বেকায়দায় ফেলতে ‘ফালতু’ কথা বলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ সংক্রান্ত এক প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।
সাকিব আল হাসান নিরাপত্তা পেলে দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন, ওই প্রসঙ্গে জানতে চাওয়া হয় তথ্য উপদেষ্টার কাছে।
জাহেদ উর রহমান বলেন, সাকিব আল হাসান দেশে এলে কি নিরাপত্তাহীন থাকবেন? উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ। উনি ফালতু কথা বলেন সরকারকে বেকায়দায় ফেলার জন্য। উনি এখনও হাসিনার সঙ্গে সম্পৃক্ত।
তিনি বলেন, উনি (সাকিব) এয়ারপোর্টে নামলে কেউ মব করবেন? উনি আইনগত বিষয় ফেস করে এলে সমস্যা দেখি না। উনি হাসিনার চেয়ে বড় অপরাধী না।
তথ্য উপদেষ্টা বলেন, হাসিনাও যদি দেশে আসেন, পূর্ণ নিরাপত্তার সঙ্গে আসবেন। তবে হাসিনার মতো মাফিয়াকে আর দেখতে চাই না।