নোয়াখালীর সদর উপজেলায় জামিনে কারামুক্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করতে গিয়ে দলটির চার নেতাকর্মী আটক হয়েছেন।
রোববার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে নোয়াখালী জেলা কারাগারের ফটক থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক ব্যাগ ফুলের মালা উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন- সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পশ্চিম এওজবালিয়া গ্রামের ছেরাজল হক চৌধুরী (৬৩), মেহেদী হাসান হৃদয় (২০), ফারুক হোসেন (১৮) ও মো. নাজিম (১৮)। তারা সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ জুন জুমার নামাজ শেষে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধের হাট বাজারে ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে প্রায় তিন হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। ওই কর্মসূচির জের ধরে পুরো উপজেলা উত্তপ্ত হয়ে উঠে। এ ঘটনায় পরবর্তী সময়ে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে। রোববার তাদের মধ্যে চারজন জামিনে মুক্তি পেলে খবর পেয়ে এক ব্যাগ ফুলের মালা নিয়ে কারাগারের ফটকে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। পুলিশ বিষয়টি আঁচ করতে পেরে অভিযান চালিয়ে ফুলের মালাসহ চারজনকে আটক করে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, স্বজনরা একটি ফুলের মালা নিয়ে আসতে পারেন। কিন্তু আটক ব্যক্তিরা এক ব্যাগ ফুলের মালা নিয়ে এসেছিলেন এবং তারা জামিনে মুক্তি পাওয়া ব্যক্তিদের আত্মীয়-স্বজন নন। বিভিন্ন এলাকা থেকে এসে তারা ছবি তুলে শোডাউন করতে চেয়েছিলেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।