1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

দেড় মাস পর খুললো আদ্‌-দ্বীন, প্রথম দিনে চিকিৎসা নিলেন ৬০৭ জন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

দীর্ঘ দেড় মাস বন্ধ থাকার পর রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল আজ (মঙ্গলবার) থেকে পুনরায় চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করেছে। প্রথম দিনেই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে ৬০৭ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সময়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৫৬ জন রোগী। এ ছাড়া ৮টি সিজারিয়ান অপারেশন ও ৩টি স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গতকাল হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল করলে আজ সকাল ৮টা থেকে বহির্বিভাগ, অন্তঃবিভাগ, জরুরি বিভাগসহ সব ধরনের চিকিৎসাসেবা পুনরায় চালু হয়।

আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. জামালুন্নেসা বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার সম্পন্ন করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত আলো-বাতাস চলাচল, ভেন্টিলেশন ও অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনি বলেন, স্বল্প খরচে মানসম্মত চিকিৎসাসেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে হাসপাতাল আবারও কার্যক্রম শুরু করেছে।

আদ্-দ্বীন ফাউন্ডেশনের মানবসম্পদ বিভাগের সহকারী ব্যবস্থাপক জাহেদ হোসাইন বলেন, হাসপাতাল বন্ধ থাকায় প্রায় দুই হাজার কর্মকর্তা-কর্মচারীর চাকরি অনিশ্চয়তার মধ্যে পড়েছিল। লাইসেন্স পুনর্বহালের মাধ্যমে সেই অনিশ্চয়তার অবসান হয়েছে এবং সবাই নতুন উদ্যমে কাজ শুরু করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে বহির্বিভাগ, অন্তঃবিভাগ, জরুরি বিভাগ, আইসিইউ, এনআইসিইউ, সিসিইউ ও ডায়ালাইসিসসহ সব ধরনের চিকিৎসাসেবা চালু রয়েছে। আন্তর্জাতিক মানের সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা অনুসরণ করে এসব সেবা দেওয়া হচ্ছে। এছাড়া অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন নিরুৎসাহিত করে স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করার নীতি অব্যাহত রয়েছে। স্বল্পমূল্যে ডায়ালাইসিস এবং ঢাকা শহরের মধ্যে ৩৮০ টাকায় অ্যাম্বুলেন্স সেবাও চালু রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি