‘মেলোডি টফি’ মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার কয়েক দিনের মধ্যেই আবারও একসঙ্গে দেখা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে। এবার তাদের সাক্ষাতের মঞ্চ ছিল জি-৭ সম্মেলন।
ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ শহরে অনুষ্ঠিত সম্মেলনে দুই নেতার সাক্ষাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এক্স (সাবেক টুইটার)-সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিওটি ভাইরাল হয়েছে। খবর ইন্ডিয়া টুডে
এতে দেখা যায়, অন্য নেতাদের সঙ্গে গ্রুপ ছবি তোলার আগে মোদি ও মেলোনি পরস্পরকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং করমর্দন করছেন।
ভিডিওটির অডিও পুরোপুরি স্পষ্ট নয়। তবে সেখানে মোদিকে তাদের জনপ্রিয়তা প্রসঙ্গে কিছু বলতে শোনা যায়। এর জবাবে মেলোনি বলেন, ‘হ্যাঁ, আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে বিখ্যাত জুটি।’
এ সময় মেলোনিকে আরও বলতে শোনা যায়, ‘আবার দেখা হয়ে ভালো লাগছে। আমরা ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত।’
এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায় দুই দেশের সরকারপ্রধান। এটি অবশ্য প্রথম নয়। এর আগেও দুই নেতার বিভিন্ন কূটনৈতিক সাক্ষাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গত মে মাসে রোম সফরের সময় প্রধানমন্ত্রী মোদি মেলোনিকে ‘মেলোডি’ ব্র্যান্ডের টফির একটি প্যাকেট উপহার দেন। সেই ঘটনাও নতুন করে আলোচনায় আনে বহুল আলোচিত ‘মেলোডি’ ঘটনাকে।
সামাজিক যোগাযোগমাধ্যমের পরিসংখ্যান অনুযায়ী, ‘মেলোডি টফি’ উপহার দেওয়ার ভিডিওটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ১০ কোটির বেশি বার দেখা হয়। পরে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেন। সেখানে তিনি মোদির দেওয়া উপহার সম্পর্কে কথা বলেন।
মেলোনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি আমাদের জন্য একটি উপহার এনেছেন— খুব, খুব ভালো একটি টফি, মেলোডি।’ এ সময় দুই নেতাকেই হাসতে দেখা যায়। গত ২০ মে তিনি এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
‘মেলোডি’ শব্দটি মূলত মোদি ও মেলোনির নামের সংমিশ্রণ। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বিশ্বমঞ্চে দুই নেতার বন্ধুত্বপূর্ণ ও হালকা মেজাজের কথোপকথন বোঝাতে শব্দটি ব্যবহার করে থাকেন। সময়ের সঙ্গে এটি মিম, আলোচনা এবং ব্যাপক অনলাইন অংশগ্রহণের একটি জনপ্রিয় বিষয়ে পরিণত হয়েছে। একই সঙ্গে অনেকের কাছে এটি ভারত ও ইতালির সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে।