প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে ব্যাপক আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে জেলা সার্কিট হাউস প্রাঙ্গণ এবং শহরের খোয়ারপাড় মোড় থেকে শেরিব্রিজ পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়কের দু’পাশে এ কর্মসূচির উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম, বিএনপি নেতা মো. হযরত আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্কাউট সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শিমুল, পলাশ, কৃষ্ণচূড়াসহ বিভিন্ন প্রজাতির প্রায় এক হাজার গাছের চারা রোপণ করা হয়। একইসঙ্গে শেরপুর জেলার পাঁচটি উপজেলায় একযোগে এ কর্মসূচি শুরু হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কর্মসূচির প্রথম দিনেই জেলায় মোট ৮ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে শেরপুর সদর উপজেলায় ২ হাজার ৬০০টি, শ্রীবরদী উপজেলায় ৩ হাজারটি, নকলা উপজেলায় ৪০০টি, ঝিনাইগাতী উপজেলায় ১ হাজারটি এবং নালিতাবাড়ী উপজেলায় ১ হাজারটি চারা রোপণ করা হয়েছে।
কর্মসূচি বিষয়ে ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কক্সবাজারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। আগামী ৫ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। আমরা অত্যন্ত সুন্দরভাবে শেরপুরেও এ কর্মসূচির উদ্বোধন করেছি। শেরপুর একটি সমৃদ্ধ জেলা—এখানে গারো পাহাড় আছে, শালবন আছে, বন্যপ্রাণী আছে। এটি প্রকৃতির কন্যা হিসেবে পরিচিত। আমরা চাই আরও বেশি বৃক্ষরোপণের মাধ্যমে শেরপুরকে সবুজ ও সমৃদ্ধ করে তুলতে।
শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, বছরজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী কক্সবাজার থেকে এর উদ্বোধন করেছেন এবং শেরপুর জেলা সরাসরি এতে অংশগ্রহণ করেছে। আজ আমরা জেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত এই কর্মসূচি চালু করেছি। প্রথম দিনেই জেলার পাঁচ উপজেলায় ৮ হাজার গাছ রোপণ করা হয়েছে। পুরো জুন মাসজুড়ে এ কার্যক্রম চলমান থাকবে। এই কর্মসূচির মাধ্যমে শেরপুর জেলাকে আরও সবুজায়ন করা হবে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, “আজ সারা দেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার থেকে এ কর্মসূচির উদ্বোধন করেছেন, আমরাও শেরপুরে তা শুরু করেছি। আপনারা জানেন, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর নির্দেশনা রয়েছে। সেই লক্ষ্যেই আজকের এই উদ্যোগ। একটি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নেওয়া এ কর্মসূচি ভবিষ্যতে একটি মাইলফলক হয়ে থাকবে।
তিনি আরও বলেন, এই উদ্যোগ শুধু পরিবেশ রক্ষাই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবাইকে এ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই।”
সংশ্লিষ্টরা জানিয়েছেন, জেলা জুড়ে পর্যায়ক্রমে আরও ব্যাপকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করা যায়।