দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় যেকোনো ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিভ্রান্তি ছড়ানো ও ন্যায়বিচারের পথে বাধা সৃষ্টি করার অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের কানহর এলাকায় ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
সমাবেশে তিনি বলেন, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। জনগণকে সঙ্গে নিয়েই বিএনপি সরকার দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। তবে উন্নয়ন ও ন্যায়বিচারের পথ বাধাগ্রস্ত করতে একটি মহল নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, কিছু মানুষ অপপ্রচার চালিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষা নিয়ে খেলতে চায়। কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে সেই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। তিনি সবাইকে আরও সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী আরও বলেন, যারা জনগণের কল্যাণে কাজ করবে এবং মানুষের পাশে থাকবে, দেশের মানুষ তাদেরই সমর্থন দেবে। দেশের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় জনগণের অংশগ্রহণকেই সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেন তিনি।
নিজের বক্তব্যে দেশকে ‘সবার ঘর’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যেমন মানুষ নিজের ঘর ও সম্পদের যত্ন নেয়, তেমনি দেশের দায়িত্বও সবাইকে নিতে হবে। দেশের উন্নয়ন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার পথে যারা বাধা সৃষ্টি করছে কিংবা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।
এ বক্তব্যকে ঘিরে সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়।