গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন সন্তান ও শ্যালককে হত্যার ঘটনায় অভিযুক্ত ফোরকান মোল্লার মরদেহ মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৬ মে) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে উপজেলার ঘোরদৌড় বাজার সংলগ্ন নদী এলাকা থেকে ফায়ার সার্ভিস ও নৌপুলিশের যৌথ অভিযানে মরদেহটি উদ্ধার করা হয়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গাজীপুর পুলিশের তথ্যের ভিত্তিতে ফোরকানের পদ্মা সেতু থেকে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনার পর থেকেই উদ্ধার অভিযান চালানো হচ্ছিল। শনিবার বিকেলে ঘোরদৌড় বাজারের কাছে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে সেটি উদ্ধার করা হয়।
পরে ফোরকানের ভাই মো. জব্বার মরদেহটি শনাক্ত করেন। এরপর লাশ গাজীপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে তদন্ত সংশ্লিষ্টরা জানান, ফোরকানের ব্যবহৃত মোবাইল ফোন মেহেরপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল। পাশাপাশি পদ্মা সেতুর সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি মোবাইল ফোন ও ব্যাগ রেখে নদীতে ঝাঁপ দিচ্ছেন। পুলিশ ধারণা করেছিল, ওই ব্যক্তি ফোরকান মোল্লা।
গত ৯ মে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামের একটি আবাসিক কলোনি থেকে পাঁচজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন ফোরকানের স্ত্রী, তিন সন্তান ও শ্যালক।
পুলিশের ধারণা, ৮ মে গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যা করা হয়। ঘটনার পর ফোরকান পালিয়ে যান। পরে নিহতদের স্বজনদের কাছে ফোন করে হত্যাকাণ্ডের কথাও জানান তিনি।