লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
সোমবার (১১ মে) প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যম লরিয়েন্ট টুডে জানায়, জিবদিন এলাকায় একটি বাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ওই বাড়িতে কর্মরত অবস্থায় ছিলেন নিহত তিনজন।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার জিবদিন এলাকায় এটিই ছিল ইসরায়েলের দ্বিতীয় হামলা। হামলার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে এখন পর্যন্ত নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ করা হয়নি। তাদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে দক্ষিণ লেবাননের নয়টি গ্রামের বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। দেশটির সেনাবাহিনীর দাবি, ওইসব এলাকায় হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা ও গোলাবর্ষণের পরিকল্পনা রয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলার ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।