পরিবার ও সমাজ গঠনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, নারীরা স্বাস্থ্যসেবা ও গ্রামীণ উন্নয়নসহ বিভিন্ন খাতে কেন্দ্রীয় ভূমিকা রাখতে সক্ষম।
সোমবার (১১ মে) রাজধানীতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত এক সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। প্রতিটি মেয়ে যেন নিজের স্বপ্ন অনুযায়ী ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে হবে।
পুনাকের সদস্যদের উদ্দেশ্যে ডা. জুবাইদা রহমান বলেন, তাদের সমাজসেবামূলক কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মকে ইতিবাচক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে। অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে সামনে রেখে নেওয়া উদ্যোগগুলো একটি মানবিক ও সুস্থ সমাজ গঠনে সহায়ক হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, নারীদের স্বনির্ভর করে তুলতে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প খাতে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ, উন্নয়ন ও বিপণন সহায়তা বাড়ানো প্রয়োজন। এতে পারিবারিক আর্থিক স্থিতি শক্তিশালী হওয়ার পাশাপাশি শিক্ষা বিস্তার ও দারিদ্র্য হ্রাসেও ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠানের শেষদিকে আয়োজনের জন্য পুনাকের সদস্যদের ধন্যবাদ জানান ডা. জুবাইদা রহমান।