বগুড়ার আদমদীঘি উপজেলায় রেলগেট অতিক্রম করার সময় সড়ক দুর্ঘটনায় আলমগীর কবির (৪৬) নামে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। ঘটনার পর ট্রাকচালক সেকেন্দার আলীকে আটক করেছে পুলিশ।
রোববার (১০ মে) দুপুরে উপজেলার বড় আখিড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর কবির রাজশাহীর নওদাপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত ইসাহাক আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে বড় আখিড়া রেলগেট পার হচ্ছিলেন আলমগীর কবির। একই সময়ে সারবোঝাই একটি ট্রাকও রেললাইন অতিক্রম করছিল। একপর্যায়ে ট্রাকটিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। পরে ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পাশাপাশি দুর্ঘটনায় ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, নিহতের স্বজনদের বিষয়টি জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।